প্রচ্ছদ > খেলা > ফুটবল

এমবাপ্পের ফেরা প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত কবে

article-img

হাঁটুর পুরোনো চোটের কারণে আপাতত মাঠে ফিরতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। এই চোটের জন্য লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। আজ (শনিবার) লা লিগার ম্যাচে এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, এই ম্যাচে এমবাপ্পেকে পাচ্ছে না তার দল।

এদিকে তার অনুপস্থিতির সময় যেন আরও দীর্ঘ হচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমবাপ্পেকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া।

১৮ মার্চ ম্যান সিটির মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে এমবাপ্পের খেলার সম্ভাবনা নিয়ে আরবেলোয়া বলেন, এমবাপ্পের অবস্থা প্রতিদিনই উন্নতি করছে এবং তার পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সবকিছু তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আজকের ম্যাচে তিনি খেলবেন না, তবে আশা করা হচ্ছে তিনি দলের সঙ্গে ম্যানচেস্টারে যেতে পারবেন। আগামীকাল তার শারীরিক অবস্থা দেখে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রথম লেগে নিজেদের মাঠে ম্যান সিটিকে ৩–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় সতর্ক অবস্থানেই আছে স্প্যানিশ ক্লাবটি।

এদিকে এমবাপ্পের এই ইনজুরি নিয়ে উদ্বেগে রয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দলও। কারণ আর মাত্র তিন মাস পরই শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হাঁটুর চোট পুরোপুরি না সারলেও এমবাপ্পে হয়ত বিশ্বকাপে অংশ নিতে পারেন।